সিরাজগঞ্জে "খেলাঘর" শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন   |   সারাদেশ




নিজস্ব প্রতিবেদক :

“নব কিশলয়ে জাগুক ধরণী,সাজুক নতুন প্রাণ,হৃদয়ে আজ জেগে উঠুক সম্প্রীতির জয়গান”—এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে রঙে-উৎসবে মুখর হয়ে ওঠে সিরাজগঞ্জ।প্রাচীনতম শিশু সংগঠন “খেলাঘর” সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনটি পরিণত হয় শিশুদের আনন্দ-উল্লাস আর বাঙালিপনার এক মিলনমেলায়।

আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের  কালিয়ায় অবস্থিত 'রাইজিং সান কিন্ডারগার্টেন স্কুল'র “সূর্যমুখী খেলাঘর আসর”এর শিশুদের অংশগ্রহণে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।রঙিন পোশাক,বৈচিত্র্যময় সাজসজ্জা আর উৎসবের আবহে শোভাযাত্রাটি স্থানীয় বাজার প্রদক্ষিণ করে এলাকাজুড়ে ছড়িয়ে দেয় নববর্ষের আনন্দবার্তা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "খেলাঘর" সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার প্রতিনিধিরা,সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরে সকলের অংশগ্রহণে পরিবেশন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ইলিশ-পান্তা ভাত,যা উৎসবকে আরও করে তোলে প্রাণবন্ত ও স্বাদময়।

এছাড়াও শিশু শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় “এসো হে বৈশাখ”সহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মন জয় করে উপস্থিত দর্শকদের।

শিশুদের আনন্দ-উচ্ছ্বাস আর সম্প্রীতির বার্তায় ভরপুর এই আয়োজন যেন নতুন বছরের সূচনায় এক উজ্জ্বল প্রত্যয়ের নাম "খেলাঘর"।

সারাদেশ এর আরও খবর: