বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তি, ব্যাহত চিকিৎসাসেবা
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ বিদ্যুৎ বিভ্রাট ঘটলেই চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। গুরুত্বপূর্ণ এই সরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্রে নেই কার্যকর জেনারেটর ব্যবস্থা, আর বিদ্যমান আইপিএস থাকলেও তা দীর্ঘদিন ধরে অকার্যকর বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে জানা গেছে, বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড অন্ধকারে ডুবে যায়। এতে জরুরি চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় রোগীদের সেবা প্রদান করতে গিয়ে চরম সংকটে পড়েন চিকিৎসক ও নার্সরা।
একাধিক রোগীর স্বজন জানান, বিদ্যুৎ না থাকলে মোবাইল ফোনের আলো বা টর্চ ব্যবহার করে থাকতে হয়। এতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি রোগীদের জন্যও সৃষ্টি হয় অনিরাপদ পরিবেশ।
স্থানীয়দের দাবি, একটি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এমন অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত সময়ের মধ্যে একটি কার্যকর জেনারেটর স্থাপন এবং আইপিএস ব্যবস্থা সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
