এসআরবি-১২ এর অভিযানে চুরি হওয়া গরু উদ্ধার।
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা কেটে ৩টি গরু চুরির ঘটনায় দায়ের করা ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।এ ঘটনায় জেলার বিভিন্ন স্থানে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার এবং চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে।বুধবার এসআরবি-১২-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজার সংলগ্ন মসজিদের সামনে এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্পের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জানা যায়,গত ১৯ জুন রাত আনুমানিক ২টার দিকে তাড়াশ উপজেলার তায়বুর রহমান রিপনের গোয়াল ঘরের তালা কেটে অজ্ঞাতনামা চোরেরা ৩টি গরু চুরি করে একটি মিনি ট্রাকে করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী তায়বুর রহমান রিপন বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন।এরই ধারাবাহিকতায় এসআরবি-১২-এর অধিনায়কের দিকনির্দেশনায় গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে ১১ নভেম্বর সকাল ১১টায় এবং বিকেল ৫টায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ৬জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া আদর্শ গ্রামের আজাদের বাড়ির উঠান এবং কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়ার নুরন্নবীর বসতবাড়ির গোয়ালঘর থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,তাড়াশ উপজেলার শালিয়াগাড়ি গ্রামের জহুরুল ইসলাম (৪১), মঙ্গলবাড়িয়া গ্রামের ফরমান আলী (৩৮),বগুড়ার শেরপুর উপজেলার আঁশগ্রাম গ্রামের রাশেদুল ইসলাম (৩৬),পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গঙ্গামতি গ্রামের নান্নু সরদার (৪৮),জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কোনোকান্দা গ্রামের আনাছ (২০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খিল্লাতাজপুর গ্রামের সোহাগ (৩০)।অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা গরুসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২।
