সলঙ্গায় সাজানো ডাকাতি মামলাকে ঘিরে এলাকায় গুঞ্জন

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন   |   জেলার খবর


সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় ডাকাতি মামলাকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন ও  চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মামলাটি হয়রানিমূলক ও সাজানো বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অপরদিকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মাদক,হত্যার হুমকী,হামলা,লুটপাট ও চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগও সামনে এসেছে। এসব ঘটনায় এলাকায় ক্ষোভ ও সমালোচনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়,সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের সজল ও তার সহযোগীদের সঙ্গে স্থানীয় আব্দুল মান্নান,বিউটি পারভীন,হেলালসহ  কয়েকজনের বিরোধ দীর্ঘদিনের।ওই বিরোধের জেরে লতিফসহ কয়েকজনের বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে সজল ডাকাতীর মামলা দায়ের করেছে।স্থানীয়দের একাংশের দাবী,মামলাটি হয়রানীমূলক।তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

স্থানীয়দের অভিযোগ,সজল ও তার সহযোগী নাসির,মোতালেব ও আওয়ালদের বিরুদ্ধে কয়েকজন বিভিন্ন সময়ে হত্যার হুমকি, মাদক,ছিনতাই,চাঁদাবাজি,অপহরণের চেষ্টা ও টাকা লুটপাটের অভিযোগ করেছেন।এসব বিষয়ে সলঙ্গা থানা, সিরাজগঞ্জ আদালত ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ ও মামলা চলমান রয়েছে।

সম্প্রতি আব্দুল হান্নান নামে এক পথচারীর পথরোধ করে টাকা লুটের অভিযোগে সজলকে আটক করেন স্থানীয় লোকজন।এ সময় তাকে মারধর ও গণধোলাই দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ ওঠে। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।পরে খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ তাকে উদ্ধার করে।এ ঘটনায় সজল ও তার সহযোগীদের বিরুদ্ধে টাকা লুটের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সজলকে আদালতে সোপর্দ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।বর্তমানে সজল সিরাজগঞ্জ জেলা কারাগারে রয়েছেন বলে জানা যায়।

এদিকে,আদালতে দায়ের করা ডাকাতি মামলাটিকে সাজানো ও হয়রানিমূলক বলে দাবী করছেন স্থানীয় সচেতন ব্যক্তিদের একাংশ।তাদের ভাষ্য,কথিত ডাকাতির ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের অনেকেই এমন ঘটনার বিষয়ে জানেন না।অনেকের দাবী, হয়তো এটা শাক দিয়ে মাছ ঢাকার অনুরুপ।তাদের দাবী,প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সনাক্ত করা হোক এবং নিরপরাধ কেউ যেন হয়রানীর শিকার না হন।

এলাকাবাসীর অভিযোগ,এসব বিরোধ ও অপরাধের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।তারা ঘটনার সুষ্ঠ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

সিরাজগঞ্জ আদালতে দায়ের করা ডাকাতি মামলাটির তদন্তের অংশ হিসেবে পিবিআই-সিরাজগঞ্জের উপপরিদর্শক (এস.আই) মেহেদী হাসান সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

জেলার খবর এর আরও খবর: