দৌলতপুরে জাতীয় যুব দিবস উদযাপন: যুব উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট, ঋণের চেক ও গাছের চারা বিতরণ

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন   |   জেলার খবর


মোঃ রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:


“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে যথাযথ মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সফল উদ্যোক্তা ও আত্মকর্মীদের মাঝে ক্রেস্ট বিতরণ, যুব ঋণের চেক প্রদান এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।


রবিবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জামাল উদ্দিন সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসলাম আল হাজীব। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন মাস্টার, সফল আত্মকর্মী ও যুব সংগঠক মো. শাহ আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।


পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আলোচনা সভায় বক্তারা দেশের যুবসমাজকে দক্ষ, কর্মক্ষম ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বেকারত্ব দূরীকরণ এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তাঁরা।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, যুবসমাজ দেশের মূল চালিকাশক্তি। তরুণদের মাদকমুক্ত রেখে আধুনিক প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। যুবকদের স্বাবলম্বী করতে যুব ঋণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব সুযোগ কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দৌলতপুর উপজেলায় যুব উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার আশ্বাস দেন।


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। দৌলতপুর উপজেলার যুবকদের উন্নয়নে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।

যুব ঋণের চেক, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ

আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখা সফল যুব উদ্যোক্তা ও আত্মকর্মীদের মাঝে সম্মাননা ক্রেস্ট এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে অতিথিরা উপকারভোগী ও যুবকদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন।


অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুব সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলার খবর এর আরও খবর: